By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Feb 2026 Paper 2 Bengali, Question 93

Topic: Reading comprehension

Passage

নির্দেশ : নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নং প্রশ্ন) সর্বাপেক্ষা সঠিক উত্তর নির্বাচন করুন :

মানুষ বিজ্ঞানচর্চায় আশ্চর্যরকম অগ্রসর হয়েছে । সব রকম অগ্রগতির বিস্তৃত বিবরণ এ গল্পের পক্ষে অবান্তর । যেটুকু প্রয়োজন সেটুকুই বলব । সে যুগে পৃথিবীর স্থলে, জলে, ভূগর্ভে সর্বত্র মানুষ বসবাস করছে বিজ্ঞানের জোরে । অন্তরীক্ষেও চলন্ত বাড়ি ঘুরে বেড়াচ্ছে এরোপ্লেনের মতো । মাটিতে থাকবার জায়গা নেই, শূন্যে ঘুরে বেড়াচ্ছে অনেকে । মাটিতে নামবার যখন ইচ্ছা হয় তখন বাড়িটাকে শূন্যে থামিয়ে যন্ত্রযোগে নেমে আসে তারা কোনও বড় শহরের পার্কে, কখনও কাশ্মীর, কখনও জাপান, কখনও আমেরিকা, কখনও বা আর কোথাও, যখন যেমন খুশি । তবে বেশির ভাগ তারা উড়ে উড়েই বেড়ায় । আর একটা নতুন জিনিস হয়েছে । নাম সব এক অক্ষরে । সুরেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এসব নাম একেবারে অচল । পোশাক পরিচ্ছদও খুব সংক্ষিপ্ত । অধিকাংশ সময়ই উলঙ্গ হয়ে থাকে । এখন আমরা সমাজ বলতে যা বুঝি সেরকম সমাজও নেই । রোজকারের সমস্যা নেই । বিরাট এক যন্ত্র আবিষ্কৃত হয়েছে । সেই যন্ত্র প্রত্যেক মানুষের দেহ থেকে সর্বক্ষণ শক্তি নিষ্কাশিত করে নিচ্ছে । আর সেই শক্তি রূপান্তরিত হচ্ছে খাদ্যে বস্ত্রে আর মানুষের বিবিধ প্রয়োজনে । বিতরিত হচ্ছে বিনামূল্যে । এও হচ্ছে যন্ত্রের সাহায্যে । বোতাম টিপলেই ‘ফোন’ আবির্ভূত হচ্ছে শূন্য থেকে, ফোনে কি চাই বলে দিলে সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে সেসব । যন্ত্রযোগেই আসছে । মানুষের আধিভৌতিক প্রয়োজনও কমে গেছে । মানুষ তৈরি হচ্ছে ল্যাবরেটরিতে নিয়ন্ত্রণ আইন অনুসারে । এর ফলে যৌন আকাঙ্ক্ষা, এমন কি শারীরিক যৌন চিহ্নগুলোও লোপ পেয়েছে । নারীদের স্তন নেই, নিতম্বও প্রায় পুরুষের মতো । সন্তান উৎপাদন করবার শক্তি কারো নেই । জন্মের কিছু পরেই স্ত্রী পুরুষ উভয়কেই যন্ত্রের সাহায্যে বন্ধ্যা করে দেওয়া হয় । তবে কিন্তু প্রেম হয় । মানসিক বিনোদনই এখন প্রেমের আকর্ষণ । নাচ, গান, ম্যাজিক দেখানো, আলাপ কুশলতা, অভিনয় পারিপাট্য অদ্ভুত উৎকর্ষ লাভ করেছে । মানুষের আধিভৌতিক দুঃখ ঘুচেছে, সাম্যও প্রতিষ্ঠিত হয়েছে, তবু কিন্তু মানুষের মনে সুখ নেই । কি একটা নামহীন অজানা দুঃখে সবাই পীড়িত । কেউ কেউ মাঝে মাঝে পাগল হয়ে যায় । পাগল হয়ে গেলেই বৈজ্ঞানিক কৌশলে তার বাড়িটা বর্ণপরিবর্তন করে । হয়ে যায় লাল । তখন চিকিৎসকরা এসে সেই উন্মাদকে পাগলা গারদে নিয়ে যান । উড়ন্ত বাড়ি থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবার উপায় নেই । লাফিয়ে পড়বার চেষ্টা করলেই কপাট জানালা আপনি বন্ধ হয়ে যায়, খোলা বারান্দার উপর শূন্য থেকে আবির্ভূত হয় লোহার জাল । আগেই বলেছি বিজ্ঞানের অদ্ভুত উন্নতি হয়েছে । এখন মানুষ বিব্রত কেবল মন নিয়ে । মনকে ভোলাবারও বহু রকম আয়োজন করেছে বিজ্ঞানীরা । নানারকম শব্দ, সুর, গান, কবিতা, গল্প, চিত্রময় আলোর বৈচিত্র্য ভেসে ভেসে বেড়াচ্ছে চতুর্দিকে । রেডিও, টেলিভিশন পুরোনো হয়ে গেছে । নতুন একরকম জিনিস বেড়িয়েছে যার নাম পাস্‌টোস্কোপ (pastoscope) । বাংলায় বললে বলতে হয়—‘অতীত-বীক্ষণ’ । দেওয়ালে প্রকাণ্ড একটি কাচ আর তার চারদিকে নানারকম বোতাম ফিট করা । একটা বোতাম টিপে দিলেই সাদা কাচটি উজ্জ্বল হয়ে উঠল, তারপর তার উপরে ছবি ফুটবে নানারকম । অতীত যুগের পাহাড়ের ছবি, নদীর ছবি, সাগরের ছবি । ইজিপ্টের ফারাওদের ছবি, নেবুচেদনাজারের ছবি, উরের ছবি, ব্যাবিলনের ছবি—কতরকম ছবি । সে ছবির পরিচয়ও দেবে পাস্‌টোস্কোপ আর একটা বোতাম টিপলে । যে, যে ভাষাতেই শুনতে চায় সেই ভাষাতেই কথা বলবে পাস্‌টোস্কোপ । কোনও অজ্ঞাত কারণে মাঝে মাঝে অসম্ভব কাণ্ড হয় । কোনও কোনও ছবি নিজেই কথা বলতে আরম্ভ করে—তুমি যে ভাষা জান, সেই ভাষাতেই আত্মপরিচয় দেয় সে । কি করে এ অঘটন ঘটে তা নিয়ে বিজ্ঞানীদের প্রচুর গবেষণা চলছে । কিন্তু স্থির কোনও সিদ্ধান্তে এখনও উপনীত হতে পারেননি তাঁরা । এ রকম অঘটন কিন্তু মাঝে মাঝে ঘটে । সেদিন অন্তত ঘটেছিল ।

Q93

প্রদত্ত বিবৃতি দুটি পড়ুন :
এই চূড়ান্ত আধুনিক যুগে
বিবৃতি (ক) : সন্তান উৎপাদনের জন্য যন্ত্রের সাহায্যে যৌন আকাঙ্ক্ষা উৎপন্ন করা হয় ।
বিবৃতি (খ) : নাচ, গান, ম্যাজিক ইত্যাদি উন্নত মানের মানসিক বিনোদনই এখন প্রেমের আকর্ষণ ।
প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন :

  1. (1) বিবৃতি (ক) এবং (খ) উভয়ই সত্য
  2. (2) বিবৃতি (ক) এবং (খ) উভয়ই মিথ্যা
  3. (3) বিবৃতি (ক) সত্য এবং (খ) মিথ্যা
  4. (4) বিবৃতি (ক) মিথ্যা এবং (খ) সত্যCorrect answer

Solution.

CBSE answer: (4)

উত্তর: (4) বিবৃতি (ক) মিথ্যা এবং (খ) সত্য

  1. (ক) মিথ্যা: গদ্যাংশ অনুযায়ী যৌন আকাঙ্ক্ষা লোপ পেয়েছে, কারো সন্তান উৎপাদনের শক্তি নেই; মানুষ তৈরি হয় ল্যাবরেটরিতে।
  2. (খ) সত্য: লেখক বলেছেন, মানসিক বিনোদনই এখন প্রেমের আকর্ষণ; নাচ, গান, ম্যাজিক, অভিনয় অদ্ভুত উৎকর্ষ লাভ করেছে।

সতর্কতা: ‘যন্ত্র’ শব্দ দেখে (ক)-কে সত্য ভাববেন না; যন্ত্র বরং সবাইকে বন্ধ্যা করে দেয়।