By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Feb 2026 Paper 2 Bengali, Question 135

Topic: Grammar

Passage

নির্দেশ : নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নং প্রশ্ন) নিকটতম উত্তর নির্বাচন করুন :
হরিদ্বারে একদিন কাটিয়েই ঋজুরা হৃষিকেশ চলে এলো। এবারেই প্রথম নয়। এর আগেও ফুলের উপত্যকা নন্দনকাননে যাবার সময় ওরা হরিদ্বার-হৃষিকেশ হয়ে গিয়েছিল। হরিদ্বারের কোলাহল এবং পর্যটকের ভিড়ের জন্য একদিনের বেশি থাকতে ইচ্ছা করে না। ঋজুদের সকলেই একটু নির্জনতা পছন্দ করে আর পাহাড়ী নিসর্গ ওদের বেশি টানে। সেই দিক থেকে চিন্তা করে ঋজুর বাবা মিঃ চৌধুরী হৃষিকেশেই এক সপ্তাহ কাটাবেন ঠিক করে এসেছেন। হোটেলটিও ছিমছাম, সুন্দর, নিকটেই গঙ্গা। বারান্দায় দাঁড়ালে জলের শব্দ শোনা যায়। এপারে লছমন মন্দির, ওপারে টিহরী মঞ্জিল, গীতাভবন ইত্যাদি দেখা যায়। ওপারে পৌড়ী গাড়োয়ালের ধ্যানমগ্ন পাহাড়ের শ্যামলিমা হাল্কা কুয়াশাচ্ছন্ন। এপারে উত্তরে টিহরী গাড়োয়াল। ওদের হোটেলটা অবশ্য দেরাদুন জেলার মধ্যে অবস্থিত। হৃষিকেশের লছমনঝুলার কাছে পাশাপাশি তিনটি পার্বত্য জেলার সহাবস্থান ঋজুকে বেশ কৌতূহলী করে তোলে। বেড়াতে এসেছেন ওরা চারজন। ও আর বাবা ছাড়া আছে মা এবং ছোটভাই ঋভু। বাবা বলেছিলেন, এবারে আর কোথাও নয়। চাকরিতে যা দৌড়ঝাঁপ করতে হয়, এখানে কয়েকদিন বিশ্রাম করে শরীরটা চাঙ্গা করে যাব। ওদের ভালও লাগছিল বেশ। পায়ে হেঁটেই সব ঘোরা যায়। একদিন রামঝুলায় দাঁড়িয়ে অনেকক্ষণ গঙ্গা দেখছিল ঋজু। দেখে দেখে আশ মেটে না। কখনো স্কেচখাতা-পেন্সিল নিয়ে বসে যায়। ছবি আঁকে।
সেদিন হোটেলে ফিরতেই মিঃ চৌধুরীকে এসে বেয়ারা একটা চিঠি দিয়ে গেল। জিজ্ঞেস করে জানা গেল চিঠিটি হোটেলের লেটার বক্সে কে ছেড়ে গিয়েছে। চিঠিটা হাতে নিয়ে মিঃ চৌধুরী একটু আশ্চর্য হলেন। হ্যাঁ, খামের ওপর গোটা গোটা ইংরেজি অক্ষরে তাঁরই নাম। নিঃসন্দেহ হয়ে খামটি ছিঁড়লেন—শ্রীযুক্ত চৌধুরী,
একবার উত্তরকাশী চলে আসুন। সম্ভব হলে কাল সকালের বাসেই। হৃষিকেশ বা হরিদ্বার থেকে যেসব বাস গঙ্গোত্রী যাচ্ছে, সব বাসই উত্তরকাশী হয়ে যায়। ছয়-সাত ঘণ্টা লাগবে। সকলকে নিয়েই আসুন। আমি ৩০৩ নম্বর ঘরে আছি। রাস্তার ওপরেই হোটেল বিজয়াতে। সাক্ষাতেই কারণ জানতে পারবেন। চলে আসুন। ভাল লাগবে।
ইতি—
আপনার ‘সুহৃদ’
চিঠিটি পড়ে মিঃ চৌধুরী ভ্রূকুঞ্চিত করলেন। ঋজুর মা ছোটভাই ঋভুকে নিয়ে ব্যতিব্যস্ত ছিলেন। তার মধ্যেই বললেন, কি হলো? মিঃ চৌধুরী চিঠিটা দিলেন তাঁর হাতে। পড়ে এক মিনিটের জন্য শ্রীমতী চৌধুরীর মুখ চিন্তাচ্ছন্ন দেখাল। তিনি স্বামীর মুখের দিকে চেয়ে রইলেন। মিঃ চৌধুরী বললেন, চলো যাওয়া যাক। একবার দেখেই আসা যাক না রহস্যটা কি? ঋজু এতক্ষণ স্কেচ করা ছবিগুলিতে রঙ করছিল, উত্তরকাশী যাওয়ার কথায় আনন্দে লাফিয়ে উঠল।

Q135

“সেদিন হোটেলে ফিরতেই মিঃ চৌধুরীকে এসে বেয়ারা একটা চিঠি দিয়ে গেল।”
বাক্যটিকে সাধু ভাষায় রূপান্তরিত করলে সঠিক রূপ কোনটি হবে?

  1. (1) সেইদিন হোটেলে ফিরতেই মিঃ চৌধুরীকে আসিয়া বেয়ারা একটা চিঠি দিয়া গেল।
  2. (2) সেইদিন হোটেলে ফিরিতেই মিঃ চৌধুরীকে আসিয়া বেয়ারা একটা চিঠি দিয়া গেল।Correct answer
  3. (3) সেদিন হোটেলে ফিরিতেই মিঃ চৌধুরীকে এসে বেয়ারা একটা চিঠি দিয়া গেল।
  4. (4) সেদিন হোটেলে ফিরতেই মিঃ চৌধুরীকে এসে বেয়ারা একটা চিঠি দিয়া গেল।

Solution.

CBSE answer: (2)

উত্তর: (2) সেইদিন হোটেলে ফিরিতেই মিঃ চৌধুরীকে আসিয়া বেয়ারা একটা চিঠি দিয়া গেল।

  1. সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ পূর্ণরূপে বসে।
  2. সেদিন → সেইদিন, ফিরতেই → ফিরিতেই, এসে → আসিয়া, দিয়ে → দিয়া।
  3. কেবল বিকল্প (2)-এ সবকটি পরিবর্তন আছে।

সতর্কতা: (1)-এ ‘ফিরতেই’ চলিত থেকে গেছে; (3) ও (4)-এ ‘এসে’ ও ‘সেদিন’ চলিত রূপে রয়ে গেছে, ফলে সাধু-চলিত মিশ্রণে গুরুচণ্ডালী দোষ ঘটে।