By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Feb 2026 Paper 2 Bengali, Question 128

Topic: Grammar

Passage

নির্দেশ : নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) সর্বাপেক্ষা উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন :
শেষ দুপুরের রোদ থাকতে থাকতে পৌঁছে গেলাম ক্যাপিটল রিফ ন্যাশনাল পার্ক। চারপাশের রং দেখলে চোখ ধাঁধিয়ে যায়। লক্ষ্য করলাম এখানে পাথরের ফরমেশনটা খাড়া একটা দেওয়ালের মতো, অনেকটা ছড়ানো।
এই ন্যাশনাল পার্কটি দৈর্ঘ্য-প্রস্থের দিক থেকে মাপলে আকার দাঁড়ায় একফালি সরু, লম্বা নদীর মতো। উত্তর থেকে দক্ষিণে দৈর্ঘ্যে ৬০ মাইল কিন্তু পূর্ব-পশ্চিমে মাত্র ৬ মাইল চওড়া। ১৯৭১ সালে, প্রেসিডেন্ট নিক্সনের আমলে, ন্যাশনাল পার্ক তকমা পাওয়া এই ভূখণ্ডে ঊষর, রুক্ষ রং-বেরঙা পাথরের ফাঁকে ফাঁকে সবুজ গাছের ঝোপ কীভাবে নিজেদের জীবনসংগ্রাম জারি রেখেছে—তা ভাবলে অবাক হতে হয়। ‘ট্রিপ অ্যাডভাইজর’ জাতীয় ওয়েবসাইট আপনাকে জানান দেবে, এখানে দ্রষ্টব্য এবং কর্তব্য অনেক কিছুই আছে—যেমন হিকম্যান ব্রিজ ট্রেইল, ক্যাপিটল গোর্জ ট্রেইল, গুজনেক’স ওভারলুক, গ্র্যান্ড ওয়াশ ট্রেইল জাতীয় হাইকিং অর্থাৎ পদব্রজে অভিযান। এছাড়া ভূতত্ত্বের উৎসাহীদের জন্য ‘ওয়াটারপকেট ফোল্ড’ একটি অবশ্য দর্শনীয় স্থান। জিওলজির পরিভাষায় এটি হচ্ছে একটি মনোক্লাইন বা ভূপৃষ্ঠস্থ ভাঁজ। সময়াভাবে আমাদের এর মধ্য থেকে কাটছাঁট করে নিজেদের মতো ভ্রমণ-পরিকল্পনা সাজিয়ে নিতে হয়েছে। এই আধবেলা আর রাত্তিরটুকু বরাদ্দ ক্যাপিটল রিফের জন্য।
সূর্যাস্তের আগে আমাদের প্ল্যানে আছে পার্কের সিনিক ড্রাইভ এবং সানসেট পয়েন্ট ট্রেইল। দুপুর গড়িয়ে যখন বালুঘড়ির সূচক টুপ করে বিকেলের কোলে ঝরে পড়ে, এরকম একটা সময় নাগাদ আমরা সিনিক ড্রাইভ শুরু করলাম পার্কের ভিজিটর সেন্টার থেকে।
রৌদ্রের সেই খর তাপ এখন আর নেই, ফলে এই রুক্ষতা তেমন দহনের আঁচ উপহার দিচ্ছে না। বরং চারপাশের নয়নাভিরাম দৃশ্যে চোখ জুড়িয়ে যাচ্ছে। অফুরন্ত সময় হাতে নিয়ে মহাকালের মিকেল এঞ্জেলোরা যখন সৃষ্টিসুখের উল্লাসে মাতেন, হাজার হাজার বর্গমাইল খেলার মাঠ পেয়ে, তখনই বুঝি তৈরি হয় এরকম ‘রেডরক ওয়ান্ডার’।
সিনিক ড্রাইভের সুবিধে হচ্ছে, পছন্দমতো ছবি তোলার জায়গা পেলে, পাশে গাড়ি দাঁড় করিয়ে জানালার কাচ নামিয়েই অনেক সময় কাজ সারা যায়—সময় বাঁচে।
কত রকমের যে পাথরের স্তম্ভ দেখলাম পথের দু’ধারে—কী বিচিত্র তাদের আকার, কী অপূর্ব তার রঙের সমন্বয়! অনেক সময় যেমন দেওয়ালে জলের ছিটে পড়ে অদ্ভুত সব ছবি তৈরি হয় কিংবা কল্পনাপ্রবণ মন আকাশে মেঘের মধ্যে চেনা জন্তু-জানোয়ারকে খুঁজে পায়—তেমনই এই রঙিন মরুভূমির পাথুরে ফরমেশন হঠাৎ করে কোনও পরিচিত অবয়বকে মনে করিয়ে দিচ্ছিল।
এক জায়গায় একটা পাথর দেখে মনে হল ঠিক যেন এক গন্ডার। সে একটু স্বতন্ত্র হয়ে দাঁড়িয়ে থাকায়, আকারের বিশেষত্ব স্পষ্টতই প্রতীয়মান।
গাড়ি এসে দাঁড়াল সানসেট পয়েন্ট ট্রেইলের কাছে। ট্রেইলহেড থেকে এক মাইলের একটু কম হাঁটাপথ—যেখানে ট্রাইপড পাতলে সবথেকে ভালো ছবি পাওয়া যায়। ক্যাপিটল রিফকে বলা হয় ‘জায়ন উইদাউট ক্রাউড’ অর্থাৎ সৌন্দর্যে সে উটারই আরেক প্রখ্যাত ভ্রমণস্থল জায়ন ন্যাশনাল পার্কের সমতুল্য কিন্তু নির্জনতা এখানে সখ্য করে নেবে আপনার সঙ্গে। নিসর্গ আর আপনার মধ্যে অযাচিত ব্যবধান সৃষ্টি করার জন্য বিশেষ উৎপাত নেই।
ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি যাঁরা পছন্দ করেন, তাঁরা বরাবরই গ্রুপ ট্যুর এড়িয়ে চলেন। ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় ট্রাইপড লাগিয়ে অপেক্ষা করতে হয় বিশেষ মুহূর্তটির জন্য। নিঃসঙ্গতা এখানে আশীর্বাদ। ম্যাপ বা ‘বাকেট-লিষ্ট’ হাতে পরবর্তী ‘পয়েন্ট কভার করার’ হুজুগে ট্যুরিষ্ট বড় বিরক্তিকর মনে হয় তখন। ছবি তোলার শখ বাড়াবাড়ি রকমের মাথাচাড়া দেওয়ার পর থেকেই আমিও এই দলে নাম লিখিয়েছি। আমাদের তিনজনের ছোট পরিবার ছাড়া দল বেঁধে বেরনোর প্রশ্নই নেই। যদিও বা সমমনস্ক কাউকে পাই, তাদেরও আমার এই শর্তাবলির ব্যাপারে অগ্রিম হুঁশিয়ারি দিয়ে রাখি।

Q128

“কত রকমের যে পাথরের স্তম্ভ দেখলাম পথের দু’ধারে—কী বিচিত্র তাদের আকার, কী অপূর্ব তাদের রঙের সমন্বয়!” বাক্যটি কোন্ শ্রেণির?

  1. (1) নির্দেশক
  2. (2) অনুজ্ঞাবাচক
  3. (3) বিস্ময়সূচকCorrect answer
  4. (4) প্রশ্নবোধক

Solution.

CBSE answer: (3)

উত্তর: (3) বিস্ময়সূচক

  1. ‘কী বিচিত্র তাদের আকার, কী অপূর্ব তাদের রঙের সমন্বয়!’ অংশে লেখকের অবাক হওয়া ও মুগ্ধতা প্রকাশ পেয়েছে।
  2. বাক্যের শেষে বিস্ময়চিহ্ন (!) আছে।
  3. তাই অর্থ অনুসারে বাক্যটি বিস্ময়সূচক।

সতর্কতা: ‘কী’ শব্দ থাকলেও এখানে কিছু জানতে চাওয়া হয়নি, তাই প্রশ্নবোধক নয়।