By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 15 Dec 2024 Paper 2 Bengali, Question 132

Topic: Reading comprehension

Passage

নির্দেশ : নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন :
কৈলাশচন্দ্র বসু নামে হিন্দু কলেজের একজন শিক্ষক খ্রিষ্ট ধর্ম গ্রহণ করলেন । অমনি কলেজের অভিভাবক সভার হিন্দু সদস্যরা রুষ্ট হয়ে বললেন, কৈলাশচন্দ্রকে চাকরি থেকে অপসারিত করতে হবে । বীট্‌ন বিস্মিত হলেন । ধর্মান্তরিত হওয়াই কি একজন শিক্ষকের অযোগ্যতার পরিচায়ক ? কলেজে তো অনেক ইওরোপীয় শিক্ষক রয়েছেন, যাঁরা ধর্মে খ্রিষ্টান, তাহলে একজন বাঙালি যদি খ্রিষ্টান হয়, তবে সে কেন শিক্ষকতা করতে পারবে না ? হিন্দু সদস্যরা উত্তরে বললেন, এতে ছাত্রদের সামনে একটি খারাপ দৃষ্টান্ত স্থাপিত হবে । বীট্‌ন নতুন এসেছেন, সব কিছু ভালো করে বুঝে উঠবার আগেই কৈলাশচন্দ্র বসু অপসারিত হয়ে গেলেন ।
কিছুদিন বাদে গুরুচরণ সিংহ নামে একটি ছাত্র খ্রিষ্টান হল । দেশে খ্রিষ্টান হবার ধুম পড়ে গেছে, ইংরেজি শিক্ষায় আলোকপ্রাপ্ত যুবকদের ধারণা, খ্রিষ্ট ধর্ম গ্রহণ করলেই তারা রাজার জাতে উন্নীত হবে ।
হিন্দু কলেজের নিয়ম অনুযায়ী গুরুচরণ সিংহ আর ছাত্র থাকতে পারবে না সেখানে । হিন্দু ছাড়া কারুর পাঠের অধিকার নেই সেখানে । কয়েক বছর আগে রাজনারায়ণ দত্তের পুত্র মধুসূদনও খ্রিষ্টান হবার পর এই কলেজ ছাড়তে বাধ্য হয়েছিল । কিন্তু এবার বীট্‌ন দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানালেন ।
হিন্দু কলেজ পুরোপুরি সরকারের এক্তিয়ারে নয় । কয়েক বছর ধরে ইংরেজ সরকার এই কলেজকে কিছু আর্থিক সাহায্য করছেন কিন্তু কলেজটি স্থাপিত হয়েছিল বেসরকারি উদ্যোগে এবং গণ্যমান্য ব্যক্তিদের দানে । সেই সব ব্যক্তিরা কিংবা তাঁদের পারিবারিক প্রতিনিধিরা এখনো রয়েছেন কলেজ পরিচালনা সংস্থার সদস্য । তাঁদের নেতৃত্ব দেন রাজা রাধাকান্ত দেব, রক্ষণশীলতার প্রধান ও সুদৃঢ়তম দুর্গটি তিনিই রক্ষা করে চলেছেন ।
হিন্দু সদস্যরা ভাবলেন, পাদ্রিদের মতন বীট্‌নও বুঝি এদেশে খ্রিষ্ট ধর্মের বন্যা বইয়ে দিতে চান । সুতরাং রাধাকান্ত দেব প্রমুখ দৃঢ় প্রতিরোধে নামলেন । যদিও বীট্‌ন ধর্ম বিষয়ে খুব উৎসাহী নন, অখ্রিষ্টান মাত্রই নরকে পতিত হবে, এমন বিশ্বাস তাঁর নেই, ধর্ম গ্রহণ বা বর্জনকে তিনি মানুষের ব্যক্তিগত রুচি হিসেবেই গ্রহণ করেন । শুধু হিন্দুরাই ছাত্র হবার অধিকারী, হিন্দু কলেজের এই মূল নিয়মটিকেই তিনি বর্জন করতে চান । তিনি প্রতিপক্ষের সামনে দৃষ্টান্ত তুলে ধরলেন । হুগলীর কলেজ কিংবা প্রিন্স গোলাম মহম্মদ প্রতিষ্ঠিত রসাপাগলা গ্রামের ইংরেজি স্কুলে তো খ্রিষ্টান, মুসলমান ও হিন্দু ছাত্ররা একসঙ্গে পাঠ নেয়! সে সব স্থলে তো কোনো বৈষম্য নেই ।

Q132

বীট্‌ন কী চাইতেন ?

  1. (1) ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থাCorrect answer
  2. (2) ধর্মদ্রোহী শিক্ষাব্যবস্থা
  3. (3) খ্রিষ্টধর্ম-প্রধান শিক্ষাব্যবস্থা
  4. (4) অহিন্দু-প্রধান শিক্ষাব্যবস্থা

Solution.

CBSE answer: (1)

উত্তর: (1) ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থা

  1. বীট্‌ন ধর্ম গ্রহণ বা বর্জনকে ব্যক্তিগত রুচি মনে করতেন।
  2. তিনি ‘শুধু হিন্দুরাই ছাত্র হবে’ নিয়মটি তুলে দিতে চেয়েছিলেন এবং দৃষ্টান্ত দিয়েছিলেন যেখানে সব ধর্মের ছাত্র একসঙ্গে পড়ে।
  3. অর্থাৎ ধর্ম দেখে শিক্ষায় বৈষম্য থাকবে না, এটাই তাঁর চাওয়া।

সতর্কতা: হিন্দু সদস্যরা ভেবেছিলেন তিনি খ্রিষ্টধর্ম ছড়াতে চান, কিন্তু অংশে বলা হয়েছে তিনি ধর্ম বিষয়ে উৎসাহী নন; তাই (3) ভুল।