By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Bengali, Question 92

Topic: Reading comprehension

Passage

নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।

শেষ শীতের সকাল। দীপু বাগানে গিয়ে দেখল, সেখানে গাছগাছালির মধ্যে সবুজের মেলায় কত বিচিত্র বর্ণের ফুল। আর ফুলের বনে রঙ-বেরঙের কত প্রজাপতির আনাগোনা। কী সুন্দর এই প্রজাপতি! নানা রকম নক্সা-আঁকা চিত্র-বিচিত্র পাখা নেড়ে নেড়ে ফুলের বনে ফুরফুর করে উড়ে বেড়াচ্ছে। হঠাৎ কোনটা ফুলের বুকে আলগোছে বসে পড়ে। ফুলটা চমকে দুলে ওঠে। প্রজাপতি মধু লুটে ডানা মেলে উড়ে যায়। আবার, আর এক ফুলে গিয়ে বসে।

দীপু লক্ষ্য করল, প্রজাপতি যখন কোথাও বসে, তখন ডানাগুলো মুড়ে পিঠের ওপর খাড়াভাবে তুলে দেয়, নৌকার পালের মতো করে। এ সময় ডানার নিচের দিকটা দেখা যায়। দীপু অবাক হয়ে দেখল, ডানার নিচের দিকটায় কিন্তু এতো রঙের বাহার নেই। এর কারণ কী? দীপুর হঠাৎ মনে পড়ল, সে বইয়ে পড়েছে, বসে থাকা প্রজাপতির মুড়ে রাখা ডানার নক্সা ও রং প্রায়ই এমন হয় যে, সে অনায়াসে গাছের পাতা বা ফুলের সঙ্গে একেবারে মিশে থাকতে পারে। এজন্য উড়তে উড়তে হঠাৎ কোথাও বসে পড়লে, তার শত্রু-পাখিরা তাকে আর দেখতে পায় না। তাইতো সে বেঁচে থাকার সুযোগ পায়।

দীপু খানিকক্ষণ ছুটোছুটি করে একটা প্রজাপতি ধরে ফেললো। প্রজাপতির পাখনা থেকে গুঁড়ো গুঁড়ো রং উঠে গিয়ে তার আঙুলে লেগে গেল। সে বুঝল, এগুলো প্রজাপতির ডানার আঁশ। এই আঁশগুলো রঙিন, আর এগুলোর জন্যই প্রজাপতির ডানার এতো বাহার।

প্রজাপতিটা হাতে নিয়ে দীপু তার দেহের বিভিন্ন অংশ বেশ ভালো করে লক্ষ্য করতে লাগল। এরই নাম পর্যবেক্ষণ। সে দেখল, একটা ছোট গোল মাথা, একটা মাঝারি আকারের বুক, আর একটা সরু লম্বা পেট– এই তিনটি অংশ দিয়ে প্রজাপতির দেহটা তৈরি। মাথা থেকে দুটো লম্বা শুঙ্গ বা শুঁয়ো (অ্যানটেনা) বেরিয়েছে। শুঙ্গের ডগা একটু মোটা। প্রজাপতি যে ফুল থেকে মধু খায়, সেই ফুলে এই শুঙ্গ ঠেকিয়ে, কি ফুল, কেমন তার মধু, এইসব সে বুঝতে পারে। শুঙ্গের ঠিক গোড়াতেই দুটো বেশ বড়ো বড়ো চোখ (পুঞ্জাক্ষি– অর্থাৎ অনেকগুলো ছোট ছোট চোখের সমষ্টি)।

প্রজাপতির মুখটা বড়ো অদ্ভুত। তার চোয়ালগুলো জুড়ে গিয়ে একটা বেশ বড়ো শোষক-নল তৈরি হয়েছে। এই নলটা কিন্তু গুটানো থাকে। খাবার সময়, সে নলটা সোজা করে ফুলের মধ্যে ঢুকিয়ে দেয়, এবং বেশ আরাম করে ফুলের মধু চুষে খায়। এ জন্যই প্রজাপতি ফুলের মধু ছাড়া আর কিছুই খেতে পারে না। প্রজাপতি ফুলে ফুলে উড়ে উড়ে মধু খায়, আর সেই সুযোগে ফুলের পরাগ-সংযোগে সহায়তা করে। প্রজাপতি আমাদের অনেক উপকার করে। তবে শুঁয়াপোকা অবস্থায়, এরা ফসলের প্রভূত ক্ষতিসাধন করে। সেজন্য এরা আমাদের অনিষ্টকারী পতঙ্গ বলে গণ্য হয়।

Q92

প্রজাপতির কোন রূপটি উদ্ভিদ জগতের উপকারে আসে?

  1. (1) পরাগ সংযোগকারীCorrect answer
  2. (2) রঙিন ডানার রকমারি নক্সা
  3. (3) মধু শোষণকারী
  4. (4) ফসল অনিষ্টকারী

Solution.

CBSE answer: (1)

উত্তর: (1) পরাগ সংযোগকারী

  1. গদ্যাংশের শেষ অনুচ্ছেদে আছে, প্রজাপতি ফুলে ফুলে মধু খেতে গিয়ে ফুলের পরাগ-সংযোগে সাহায্য করে।
  2. পরাগ-সংযোগ হলে তবেই ফুল থেকে ফল ও বীজ হয়, তাই এই রূপটি উদ্ভিদের উপকারে আসে।

সতর্কতা: (3) মধু শোষণ প্রজাপতির নিজের খাবার; (4) শুঁয়াপোকা অবস্থায় সে ফসলের ক্ষতি করে, উপকার নয়।