By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Bengali, Question 135

Topic: Reading comprehension

Passage

নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।

খ্রিস্ট জন্মের তিনশো বছর আগের গ্রিস। মর্মর প্রাসাদ, অট্টালিকা, সুরম্য বাগিচা শোভিত ম্যাসিডন নগরী। পাথরের ফলক বসানো প্রশস্ত রাজপথে ছুটে চলা রথচক্র, অশ্ব আর অসংখ্য পদাতিক। পথের দুপাশে সার সার বিপণি। কোথাও সেখানে বিক্রি হচ্ছে দ্রাক্ষারস, কোথাও বা স্ফটিকের পানপাত্র থেকে শুরু করে চিতাবাঘের উজ্জ্বল চামড়ার মহার্ঘ শাল। বৈভবের নগরী ম্যাসিডন। আর এই জনাকীর্ণ রাজপথে রৌদ্রকরোজ্জ্বল সকালে হেঁটে চলেছেন এক ব্যক্তি। তাঁর পরনে নামমাত্র পোশাক। কারণ, তিনি মনে করেন মানুষের বেঁচে থাকার জন্য ঠিক যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই গ্রহণীয় তাঁর কাছে। তিনি বাস করেন রাস্তার পাশে পড়ে থাকা একটি কাঠের পিপের মধ্যে, সম্পত্তি বলতে সামান্য কয়েকটা জিনিস। অথচ এ লোক চাইলেই ম্যাসিডনের অন্যতম সেরা হর্ম্য প্রাসাদের মালিক হতে পারতেন। হেঁটে চলেছেন লোকটি, মাঝে-মাঝে উঁকি দিচ্ছেন পথপার্শ্বের বিপণিগুলোতেও। সবথেকে অদ্ভুত ব্যাপার রৌদ্রোজ্জ্বল রাজপথে তিনি একটি জ্বলন্ত লণ্ঠন নিয়ে বেরিয়েছেন। মাঝে-মাঝে তা উঁচিয়ে ধরে কী যেন খোঁজার চেষ্টা করছেন। কৌতূহলী হয়ে এক পথচারী তাঁকে জিজ্ঞাসা করল, ‘দিনের বেলাতে আপনি লণ্ঠন জ্বালিয়েছেন কেন?’ প্রশ্ন শুনে সেই খ্যাপাটে লোকটা জবাব দিলেন, ‘চারপাশে বড় আঁধার। তাই লণ্ঠন জ্বেলে মানুষ খুঁজতে বেরিয়েছি।’

এমনি বহু গল্পকথা অমর হয়ে আছে এই ব্যক্তি সম্পর্কে। তাঁর পরিচয় তিনি একজন দার্শনিক, তিনি একজন শিক্ষক। রাস্তার একপাশে বসে পথের ধুলোতে কাঠি দিয়ে আঁচ কেটে আগ্রহী ছাত্রদের শিক্ষা প্রদান করেন। তাঁর ছাত্ররা অধিকাংশই গরিব। কিন্তু প্রচণ্ড মেধাবী। শিক্ষক জানেন তাঁর এই সব ছাত্ররা একদিন জ্ঞানের আলো ছড়িয়ে দেবে সমগ্র গ্রিসে। দার্শনিক, শিক্ষকের অভাব নেই ম্যাসিডনে। স্বয়ং অ্যারিস্টটলই তো সগৌরবে বিরাজমান তখন। তবুও তিনি তাঁদের সবার থেকে ভাবনায় যেন অনন্য। তাঁর নাম ডায়োজিনিস দি সিনিক।

এই অদ্ভুত শিক্ষকের কথা কানে পৌঁছোতে দেরি হল না অ্যারিস্টটলের প্রিয় শিষ্যের। জ্ঞানপিপাসু সেই ছাত্র একদিন তাঁর ভৃত্য ও রক্ষীকুল পরিবৃত হয়ে হাজির হলেন সেই খ্যাপাটে শিক্ষকের কাছে। ডায়োজিনিস তখন নিজের মনে মাটিতে কী একটা আঁক কষছিলেন। অ্যারিস্টটলের ছাত্রর ছায়া সেই আঁকের ওপর পড়তেই ডায়োজিনিস তাঁকে বললেন, ‘দয়া করে সরে যান। রাজপুরুষের ছায়া আমার আঁকের ওপর না পড়াই ভাল।’ কথাটা শুনে বিস্মিত সাক্ষাৎ-প্রার্থী তাঁকে প্রশ্ন করলেন, ‘আপনি আমাকে চেনেন? পরিচয় জানেন?’ খ্যাপাটে, দার্শনিক শিক্ষক জবাব দিলেন, ‘চিনব না কেন? আপনি সম্রাট দ্বিতীয় ফিলিপের পুত্র আলেকজান্ডার। ম্যাসিডনের ভবিষ্যতের সম্রাট।’

Q135

আলেকজান্ডার সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়?

  1. (1) তিনি ছিলেন সম্রাট দ্বিতীয় ফিলিপের পুত্র।
  2. (2) আলেকজান্ডার একাই হাজির হলেন খ্যাপাটে শিক্ষকের কাছে।Correct answer
  3. (3) ডায়োজিনিস অভিজাত আলেকজান্ডারকে শিক্ষাদানে অনাগ্রহী ছিলেন।
  4. (4) তিনি ছিলেন অ্যারিস্টটলের প্রিয় শিষ্য।

Solution.

CBSE answer: (2)

উত্তর: (2) আলেকজান্ডার একাই হাজির হলেন খ্যাপাটে শিক্ষকের কাছে।

  1. গদ্যাংশে বলা আছে, তিনি ভৃত্য ও রক্ষীকুল পরিবৃত হয়ে এসেছিলেন। তাই 'একাই' কথাটি ভুল।
  2. তিনি দ্বিতীয় ফিলিপের পুত্র এবং অ্যারিস্টটলের প্রিয় শিষ্য, দুটিই গদ্যাংশে আছে।
  3. নিজের আঁকের উপর থেকে রাজপুরুষের ছায়া সরিয়ে নিতে বলা থেকে বোঝা যায় ডায়োজিনিস তাঁর প্রতি আগ্রহী ছিলেন না।

সতর্কতা: প্রশ্নে সত্য 'নয়' এমন বিবৃতি চাওয়া হয়েছে; সত্য বিবৃতি বেছে নিলে ভুল হবে।