By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Bengali, Question 122

Topic: Grammar

Passage

নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।

ওড়িশার সুন্দরগড় জেলার গভীর জঙ্গল-পাহাড়ঘেরা একটি জায়গার নাম মহুলসুখা, ম্যাঙ্গানিজ মাইনের জন্যে বিখ্যাত। ওড়িশার এই সুন্দরগড় জেলা ও বিহারের সিংভূম জেলাতে বেশ কয়েকটি জঙ্গুলে জায়গা আছে যেখানে লাল-নীল নদী বয়ে যায় ঘন জঙ্গলের মধ্যে মধ্যে। ম্যাঙ্গানিজ-এর খনি বা খাদান যেখানে আছে, বৃষ্টিতে পাহাড় থেকে নেমে-আসা মাটি-ধোওয়া জল যখন পাহাড়ি নদীতে এসে পড়ে তখন সেই জলের রং লাল দেখায়, আবার যেখানে লোহার খনি বা খাদান থাকে সেখানের পাহাড় থেকে মাটি ধুয়ে নিয়ে আসা জলের রং নীল। তাই নদীর রং লাল বা নীল।

এই মহুলসুখাতে এসেছি, এপ্রিল মাসের মাঝামাঝি কয়েকদিন হল। এসেছি নিছকই জঙ্গলের মধ্যে থাকব বলেই। বড়ো ভালো লাগছে। জঙ্গলের মধ্যে সময় কাটালে তোদেরও ভালো লাগবে কারণ প্রকৃতিই যে আমাদের দ্বিতীয় মা।

মহুলসুখা মাইনস-এর আরেকটা নাম ভুতরা মাইনস। কালো জলরাশি বুকে নিয়ে ম্যাঙ্গানিজ আকর-এর গুঁড়ো বয়ে নিয়ে ছিপছিপে নদী চলেছে বনবিতানের মধ্যে দিয়ে। নদীর নাম কুড়াড়ি। তবে জল এখানে লাল নয়, কালোই।

মহুলসুখা ম্যাঙ্গানিজ মাইনস-এর গেস্ট হাউসটি একটি পাহাড়ের উপরে। খুবই সাদামাঠা বন্দোবস্ত। সঙ্গে বাবুর্চিখানা নেই বলে আরোই অসুবিধের। নীচের স্টাফ ক্যান্টিন থেকে চা থেকে শুরু করে অন্যান্য খাবারদাবারও সব বয়ে নিয়ে আসে চৌকিদার, ফলে ঠান্ডা হয়ে যায়। তবে জঙ্গলে যেতে পারলে ও থাকতে পারলে এইসব ছোটখাটো অসুবিধা গায়ে মাখলে চলে না। খাওয়া না হয় একটু কমই হল, আরাম-বিলাসও না হয় নাই হল কিন্তু জঙ্গলের মধ্যে তো থাকা হল। সেটাই তো মস্ত লাভ।

আমি মহুলসুখাতে গেছিলাম বড়বিল থেকে, বড়জামদা হয়ে জিপে করে। রাউরকেল্লা থেকেও আসা যায়।

বাংলোর বারান্দাতে বসে তোকে চিঠি লিখছি। হাওয়াটা ঝড়ের মতো বইছে। বিহার-ওড়িশার পাহাড়ে জঙ্গলে এপ্রিল মাসে যেমন বয় আর কী! হাওয়াটা ক্রমশই জোর হচ্ছে। লোহা আর ম্যাঙ্গানিজের আকরের গুঁড়ো-মাখা লাল মাটির মিহি আস্তরণ উড়ে চলেছে প্রচণ্ড বেগে মাইক স্যাটোর ফরমুলা রেসিং কারের মতো। আর উপরের স্তরে উড়ে চলেছে পাতারা, ছোটকি ধনেশ কী টিয়ার ঝাঁকের চেয়েও অনেক বেশি গতিতে। নানারঙা পাতা, শাল গাছের পাতা, আমের পাতা, শিমুলের পাতা, পলাশের ঝরা পাপড়ি, বয়েরের পাতা, জংলি কাঁটালের পাতা, কুসুম গাছের পাতা ঝাঁক ঝাঁক তিরের মতো উড়ে চলেছে। আর তারও উপরে উড়ছে ডিগবাজি খেতে খেতে, গিলিরি আর মুতুরি আর না-নউরিয়া ফুলেদের ফিনফিনে পাপড়ি। আঃ কী ভালো যে লাগে!

এই মহুলসুখা ছাড়িয়ে, কুড়াড়ি নদী পেরিয়ে অনেক পাহাড়ে উঠে এবং নেমে জিপে করে প্রথমদিনই খান্ডাধারে গেছিলাম। তখনও কোথায় যে শেষ পর্যন্ত থাকব সে সম্বন্ধে মনস্থির করিনি। মহুলসুখার ম্যাঙ্গানিজ মাইন বেসরকারি কিন্তু খান্ডাধারের লৌহ আকরের খাদান সরকারি। ম্যানেজারের নাম বিশ্বল সাহেব। ক্রিমসন-রঙা হাওয়াইন শার্ট পরে অফিসে কাজ করছিলেন। তিনি নাকি বড়বিলের বাংলা বইয়ের লাইব্রেরি থেকে বই আনিয়ে নিয়মিত পড়েন।

Q122

“নীচের স্টাফ ক্যান্টিন থেকে চা থেকে শুরু করে অন্যান্য খাবারদাবারও সব বয়ে নিয়ে আসে চৌকিদার, ফলে ঠান্ডা হয়ে যায়।” বাক্যটিকে সাধুভাষায় রূপান্তরিত করার সময় কটি ক্রিয়ার পরিবর্তন করতে হবে?

  1. (1) চারCorrect answer
  2. (2) পাঁচ
  3. (3) দুই
  4. (4) তিন

Solution.

CBSE answer: (1)

উত্তর: (1) চার

  1. সাধুভাষায় অসমাপিকা ক্রিয়ার রূপ বদলে যায়।
  2. 'শুরু করে' হবে 'শুরু করিয়া', 'বয়ে' হবে 'বহিয়া', 'নিয়ে' হবে 'লইয়া', 'হয়ে' হবে 'হইয়া'।
  3. 'আসে' ও 'যায়' সাধু ও চলিত দুই রীতিতেই একই থাকে, তাই এগুলি বদলাতে হয় না।
  4. মোট চারটি ক্রিয়াপদ বদলাতে হবে।

সতর্কতা: 'বয়ে নিয়ে আসে'-কে একটি যৌগিক ক্রিয়া ধরলে তিনটি হিসাব আসে, তাই (4) বেছে নেওয়ার ঝোঁক হয়; কিন্তু শব্দ ধরে গুনলে পরিবর্তন চারটি জায়গায়। 'থেকে' অনুসর্গ, ক্রিয়া নয়।